পত্রিকা: '৪ আগস্টেই শেখ হাসিনা বুঝতে পারেন সময় শেষ'

Published
পড়ার সময়: ৭ মিনিট

কালের কণ্ঠ পত্রিকার সংবাদ - ৪ আগস্টেই শেখ হাসিনা বুঝতে পারেন সময় শেষ। খবরে বলা হয়েছে, প্রবল আন্দোলনের মুখে শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন, তাঁর সরকারের মেয়াদ ফুরিয়ে এসেছে।

তিনি দেশত্যাগের সিদ্ধান্ত নেন ক্ষমতাচ্যুত হওয়ার এক দিন আগে, অর্থাৎ ২০২৪ সালের ৪ আগস্ট। বিষয়টি তাঁর মন্ত্রিসভা ও দলের আস্থাভাজনদের জানালেও গোপন রাখতে বলেন। বিপদ বুঝতে পেরে অনেকেই তখন দেশ ছেড়ে পালান।

এরপর ৫ আগস্ট জনরোষ থেকে বাঁচতে শেখ হাসিনাও ইমিগ্রেশন না করে কার্যত পালিয়ে যান।

অবৈধভাবে দেশত্যাগের মধ্য দিয়ে শেখ হাসিনা রাষ্ট্রের প্রচলিত পাঁচটি আইন লঙ্ঘন করেছেন বলে দাবি করেছেন তদন্ত কর্মকর্তারা।

এ জন্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আসামি করে মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি সরকারের উচ্চ পর্যায়েও জানানো হয়েছে। তদন্ত সংস্থা ও সরকারের একাধিক সূত্র কালের কণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেছে।

শেখ হাসিনাসহ বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার চেষ্টা চালাচ্ছে বর্তমান সরকার।

খবরে বলা হয়েছে, দুর্নীতির মামলায় দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজীর আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠাতে নীতিগত সম্মতি দিয়েছে দুবাই পুলিশ।

তবে প্রত্যর্পণের আইনি ও কারিগরি প্রক্রিয়া সম্পর্কে চারটি বিষয়ে ব্যাখ্যা চেয়ে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে চিঠি পাঠিয়েছে তারা।

চিঠিটি পাঁচ দিন আগে বাংলাদেশে পৌঁছেছে।

বর্তমানে দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তরের ইন্টারপোল শাখা যৌথভাবে এর জবাব প্রস্তুত করছে।

কর্মকর্তাদের মতে, দুবাই পুলিশের এই পদক্ষেপ প্রত্যর্পণ প্রক্রিয়ায় একটি ইতিবাচক অগ্রগতি।

দুবাই কর্তৃপক্ষ জানতে চেয়েছে, বাংলাদেশ কোন আইনের আওতায় ও কী প্রক্রিয়ায় বেনজীরকে ফেরত নিতে চায়, গ্রেপ্তারি পরোয়ানার আন্তর্জাতিক আইনি ভিত্তি কী, এর কার্যকারিতা কতটুকু এবং পুরো প্রক্রিয়ায় আইন মন্ত্রণালয়ের পরিবর্তে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয় করছে।

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি না থাকায় এসব ব্যাখ্যা চাওয়া হয়েছে। বর্তমানে বেনজীর আহমেদ দুবাইয়ের কারাগারে আটক রয়েছেন।

নিউ এইজ পত্রিকার খবর- Nat'l unity sought for July charter implementation অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তর জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন ও বিরোধী বিভিন্ন দলের নেতারা।

রোববার ঢাকায় পৃথক দুটি আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান দেশে বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের সুযোগ তৈরি করেছে।

তিনি জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, জুলাই জাতীয় সনদ ও ১৯৭২ সালের সংবিধানের মধ্যে মৌলিক কোনো বিরোধ নেই। তাই সনদ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

দ্য ডেইলি স্টার পত্রিকার খবর- Rohingya crisis deepens but global focus shifts অর্থাৎ রোহিঙ্গা সংকট আরও গভীর, তবে কমছে বিশ্বের নজর।

বাংলাদেশে রোহিঙ্গা সংকট আরও জটিল হয়ে উঠছে, কিন্তু মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের সংঘাতের কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ অন্যদিকে সরে যাওয়ায় কমছে বৈশ্বিক সহায়তা।

এতে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোর ওপর চাপ আরও বেড়েছে।

গত দুই বছরে প্রায় দুই লাখ রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। পাশাপাশি প্রতিবছর শিবিরগুলোতে জন্ম নিচ্ছে প্রায় ৩০ হাজার শিশু।

বর্তমানে কক্সবাজারে ১২ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান জানান, প্রতি সপ্তাহে গড়ে ৫০ থেকে ৬০ জন নতুন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে।

এরই মধ্যে ভারী বর্ষণ, ভূমিধস ও বন্যায় শিবিরগুলোতে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

একই সময়ে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে জ্বালানির দাম বৃদ্ধি এবং আন্তর্জাতিক আর্থিক সহায়তার ওপর নির্ভরতা বাড়ায় রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের ওপর মানবিক ও অর্থনৈতিক চাপ আরও বেড়ে চলেছে।

দেশ রূপান্তর পত্রিকার খবর- পাসপোর্টে জুলাই অভ্যুত্থানের স্মৃতি। এ খবরে বলা হয়েছে, বাংলাদেশের সাধারণ পাসপোর্টে যুক্ত করা হচ্ছে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি।

গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পাসপোর্টের ভেতরের পাতার জলছাপ পরিবর্তন করে সেখানে যুক্ত করা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি।

নতুন এই পরিবর্তনের অংশ হিসেবে পাসপোর্টের পৃষ্ঠাগুলোতে দেশের ঐতিহ্য ও ইতিহাসের নানা অনুষঙ্গ যুক্ত করা হয়েছে।

এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ই-পাসপোর্টের ৩২ ও ৩৩ নম্বর পৃষ্ঠায় জলছাপ হিসেবে যুক্ত থাকবে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি।

তরুণদের আত্মত্যাগের সেই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক মুহূর্তটি এবার ঠাঁই পাচ্ছে বাংলাদেশের নাগরিকদের আন্তর্জাতিক এই ভ্রমণনথিতে।

অনুমোদিত নতুন নকশা অনুযায়ী, পাসপোর্টের বিভিন্ন পৃষ্ঠায় জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্টের পাশাপাশি স্থান পেয়েছে কান্তজিউ মন্দির, লালবাগ দুর্গ, পানামনগর ও কার্জন হলের মতো ঐতিহাসিক স্থাপনা।

তাছাড়া প্রাকৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে ঝাউবনসহ কক্সবাজার সমুদ্রসৈকত, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর ও নীলগিরির ছবি জলছাপ হিসেবে ব্যবহার করা হবে।

জাতীয় ফুল শাপলা, পাখি দোয়েল, মাছ ইলিশ ও ফল কাঁঠালের পাশাপাশি স্থান পেয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম সংগ্রাম।

টাইমস অফ বাংলদেশ পত্রিকার খবর- HC judge off bench for 18 months, still paid in full ১৮ মাস ধরে বেঞ্চে নেই হাইকোর্টের বিচারপতি, তবুও পাচ্ছেন পূর্ণ বেতন ও সুযোগ সুবিধা।

খবরে বলা হয়েছে, হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ গত প্রায় ১৮ মাস ধরে কোনো মামলার শুনানি, রায় বা বিচারিক দায়িত্ব পালন করছেন না।

২০২৪ সালের ১৬ অক্টোবর রাজনৈতিক পক্ষপাত, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ ওঠার পর থেকে সুপ্রিম কোর্ট প্রশাসন তাকে নতুন কোনো মামলার দায়িত্ব দেয়নি।

তবে তিনি এখনও বিচারপতির সাংবিধানিক পদে বহাল আছেন এবং নিয়মিত বেতন, ভাতা, সরকারি সুযোগ সুবিধা ও প্রটোকল পাচ্ছেন।

অভিযোগগুলো গুরুতর হলেও এখন পর্যন্ত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেনি। ফলে একদিকে তিনি বিচারিক দায়িত্ব থেকে কার্যত বাইরে, অন্যদিকে পদ ও সব ধরনের সাংবিধানিক সুবিধা বহাল রয়েছে।

বিষয়টিকে বিচার বিভাগের জবাবদিহি প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও অনিশ্চয়তার একটি ব্যতিক্রমী উদাহরণ হিসেবে দেখছেন আইন বিশেষজ্ঞরা।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের রাজধানীর গুলশানের দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিলাসবহুল সামগ্রী পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ সময় প্রায় ২১ লাখ টাকা মূল্যের একটি রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ডও উদ্ধার করা হয়। আদালতের নির্দেশে মালামাল ক্রোক করতে রোববার দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে একটি টিম ফ্ল্যাট দুটিতে অভিযান চালায়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, 'ফ্ল্যাট দুটিতে ৩০০-এর বেশি কোট, ৫৩২টি টাই, চারটি রোলেক্স ঘড়ির বাক্সসহ আটটি ঘড়ির বাক্স, পাঁচটি বিলাসবহুল গাড়ির চাবি, তিন সেট মুক্তার গয়না (পার্ল), চারটি ঝাড়বাতি, শতাধিক কামিজ, একাধিক বেড, সোফাসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী পাওয়া গেছে।

এছাড়া একটি রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ডও উদ্ধার করা হয়েছে। কার্ডে দেখা যায়, এটি ১৮ ক্যারেট হোয়াইট গোল্ডের একটি ঘড়ির। এতে উল্লেখ রয়েছে, ২০১৯ সালের ২৪ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনের এক বিখ্যাত ডিপার্টমেন্টাল স্টোর থেকে ঘড়িটি কেনা।

প্রথম আলো পত্রিকার প্রথম পাতার সংবাদ- দিল্লিতে দোভালের সঙ্গে বৈঠক প্রতিরক্ষা উপদেষ্টার। খবরে বলা হচ্ছে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম। গত ১৫ জুলাই দিল্লিতে এ বৈঠক হয়।

বৈঠকটির বিষয়ে বাংলাদেশ বা ভারতের কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

তবে কূটনৈতিক সূত্র ও বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা এবং গত মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পরিপ্রেক্ষিতে বৈঠকটি বিশেষ তাৎপর্য বহন করছে।

দিল্লিতে ১৬ জুলাই অনুষ্ঠিত হয় বিমসটেকভুক্ত (বঙ্গোপসাগর উপকূলবর্তী দেশগুলোর একটি আঞ্চলিক অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা জোট) দেশগুলোর জাতীয় নিরাপত্তা প্রধানদের পঞ্চম সম্মেলন।

এই সম্মেলনে যোগ দিতে আগের দিন ভারত সফরে যান প্রতিরক্ষা উপদেষ্টা শামসুল ইসলাম।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে অংশ নেয়া শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি সরকার গঠনের পর প্রথমবারের মতো শরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন তারেক রহমান।

বৈঠকে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি জাতীয় সরকার গঠন নিয়ে বিএনপি'র প্রতিশ্রুতি, শরিকদের সঙ্গে বিএনপি'র পথচলার ধরন, রাজনৈতিক এবং সরকারের কর্মকাণ্ডসহ নানা ইস্যুতে আলোচনা করবেন।

ওদিকে ক্ষোভ ও অসন্তোষ নিয়ে বৈঠকে যাবেন শরিক দলের নেতারা। ইতিমধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) বৈঠকে না যাওয়ার বিষয়ে দলীয়ভাবে সিদ্ধান্তও নিয়েছে।

আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

বণিক বার্তা পত্রিকার শীর্ষ খবর- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। খবরে বলা হয়েছে, মাঠজুড়ে দারুণ পাসিং, বলের নিয়ন্ত্রণ আর একের পর এক আক্রমণে আর্জেন্টিনাকে পুরো ম্যাচে চাপে রেখেছিল স্পেন।

নির্ধারিত সময়ে গোল না হলেও অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জিতে ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে লুইস দে লা ফুয়েন্তের দল।

১০ জনের আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন নতুন করে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে।

ব্যক্তিগত পুরস্কারেও ছিল স্পেনের দাপট।

মাঝমাঠে অসাধারণ পারফরম্যান্সের জন্য রদ্রি জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল।

আর পুরো বিশ্বকাপে দুর্দান্ত গোলরক্ষণ করে সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস জিতেছেন উনাই সিমন।

নয়া দিগন্ত পত্রিকার শেষ পাতার খবর- হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে খসড়া প্রতিবেদন প্রসিকিউশনে। এ খবরে বলা হচ্ছে, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের মামলার খসড়া তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে দাখিল করা হয়েছে।

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তৈরি করা এই খসড়া প্রতিবেদনে জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব:) আজিজ আহমেদ, তৎকালীন পুলিশ ও বিজিবি প্রধানসহ ৪০ জনেরও বেশি ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

গতকাল রোববার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে হেফাজত নেতাদের সাথে মতবিনিময় শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আগামীকাল অবকাশকালীন ছুটি শেষে ট্রাইব্যুনাল খোলার দিনই এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জোর প্রস্তুতি চলছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই মামলার মূল তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ আগস্ট তারিখ ধার্য রয়েছে।

সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম শাপলা চত্বরের ঘটনাটিকে ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত 'সবচেয়ে উপযুক্ত ঘটনা' হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, 'এটি অবশ্যই একটি সিস্টেমেটিক অফেন্স, ওয়াইড স্প্রেড এবং টার্গেটেড কিলিং।

রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে হেফাজতে ইসলামের মতো একটি সংগঠনকে একেবারে নিঃশেষ করে দেয়ার জন্য সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল।