আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন অ্যান্ডি বার্নহাম

স্যার কিয়ের স্টারমারের পদত্যাগের পর যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন অ্যান্ডি বার্নহাম। এদিকে বাংলাদেশের প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সরাসরি কভারেজ

  1. সোমবার সারা দিন যা যা ঘটেছে:

    • রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া বিএনপির মিত্র রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতারা। মতবিরোধ থাকলেও তাদের মধ্যে বিভেদ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
    • বাংলাদেশের প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • বাংলাদেশে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সময়ে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি আগের চেয়ে কমে দুই দশমিক ২২ শতাংশে দাঁড়িয়েছে।
    • জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়ে ভারত সরকারের কাছে চিঠি পাঠিয়েছে ঢাকা।
    • স্যার কিয়ের স্টারমারের পদত্যাগের পর যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন অ্যান্ডি বার্নহাম। সোমবার লেবার পার্টির এই নেতাকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়।
    • ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে খলিল আল হায়াহকে নির্বাচিত করেছে।
    • বাংলাদেশে আবারও ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
    • ইরানে আবারও হামলার ঘটনা ঘটেছে। সোমবার শিরাজের উত্তর-পশ্চিম দিক থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ফার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে। যুক্তরাষ্ট্র সেখানে বিমান হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।
    • সরকার নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় চার প্রতিষ্ঠানের আট ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশের পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা 'বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন' (বিএসটিআই)। নতুন করে অনুমোদন না পাওয়া পর্যন্ত ওইসব পণ্যের উৎপাদন, বিক্রয় ও বিতরণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
    • ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে। সোমবার এক বিবৃতি নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
    • দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান শুরু করেছে পুলিশ। অভিযান শুরুর পর ককরোচ জনতা পার্টির নেতাকর্মীদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
    • বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচটি শিশু মারা গেছে। এছাড়া বিভিন্ন জেলায় নতুন করে আরও এক হাজার ৬৯টি শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হলো।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

  2. যমুনার বৈঠকে মিত্র দলগুলোকে কী বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী?

    রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া বিএনপির মিত্র রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

    সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা ধরে চলা বৈঠকে তিনি বলেছেন, আওয়ামী লীগ আমলে সরকার পতনের যুগপৎ আন্দোলনে শরিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকলেও 'কোনো বিভেদ নেই'।

    "আমরা একসাথে আছি, আমরা একসাথে ছিলাম...ইনশল্লাহ আমরা ভবিষ্যতেও একসাথে থাকবো। আমাদের মধ্যে ডিফেন্স অফ অপিনিয়ন হতে পারে, কিন্তু ভুল বোঝাবুঝির কোন কারণ আমাদের মধ্যে আছে বলে আমি মনে করি না,' বলেন প্রধানমন্ত্রী।

    শেখ হাসিনার বিরুদ্ধে করা আন্দোলনে 'গুপ্তরা' রাজপথে ছিলো না বলেও মন্তব্য করেন তিনি।

    "আজকে অনেকেই দাবি করে কারো নাম আমি উল্লেখ করতে চাই না যাদেরকে একটি শব্দ ‘গুপ্ত’ একটা শব্দ ব্যবহার করলেই মানুষ সাধারণ মানুষও তাদেরকে চিনে। এদেরকে কিন্তু ওই সময়ে আমরা অনেক খুঁজেছি তাদেরকে আমরা পাইনি, আমি পাইনি দূরে থেকে। আপনারা কি কেউ পেয়েছিলেন রাজপথে তাদেরকে? তাদেরকে কিন্তু রাজপথে আমরা দেখিনি," বলেন তারেক রহমান।

    নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় বসার পর গত পাঁচ মাসে বৈঠকে বসতে না পারায় মিত্র দলের নেতাদের প্রতি দুঃখপ্রকাশ করেন তিনি।

    অতীতের মতো ভবিষ্যতেও লক্ষ্য পূরণে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

    "দেশের মানুষের আস্থা ধরে রাখার জন্য আমাদেরকে যেকোন মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে, দেশের মানুষের আস্থা ধরে রাখার জন্য আমরা সকলে একসাথে কাজ করব। কারণ জনগণের প্রত্যাশা আমাদের কাছে। জনগণ প্রত্যাশা নিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়েছে," বলেন প্রধানমন্ত্রী।

    "আসুন আগে আমরা দায়িত্বটা পালন করি। তারপর আমরা নিজেদেরকে নিয়ে ভাবি," যোগ করেন তারেক রহমান।

    বৈঠকে বিএনপি নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের মাহবুবুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, বিজেপির আন্দালিব রহমান পার্থ, গণফোরামের সুব্রত চৌধুরী এবং ভাসানী জনশক্তি পার্টির শেখ রফিকুল ইসলাম বাবলু।

  3. জুস, শ্যাম্পু, আইসক্রিম, লোশনসহ ৮ ধরনের পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ৈর

    সরকার নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় চার প্রতিষ্ঠানের আট ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশের পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা 'বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন' (বিএসটিআই)।

    নতুন করে অনুমোদন না পাওয়া পর্যন্ত ওইসব পণ্যের উৎপাদন, বিক্রয় ও বিতরণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

    সেগুলোর মধ্যে ফ্রেশ গার্ডেন অ্যাগ্রো রিসোর্সেস আমের আচার এবং কাজী ফুড ইন্ডাস্ট্রিজের বেলিসিমো ব্র্যান্ডের রোটোন্ডো হ্যাজেলনাট কোটেড চকলেট আইসক্রিমের নাম রয়েছে।

    তালিকায় আরও না রয়েছে অলিভ বাংলাদেশের লাবণ্য ব্র্যান্ডের মিল্ক স্কিন লোশন, অ্যালোভেরা স্কিন লোশন, ফেসওয়াশ মোরিংগা+মাচা ফোমিং মিল্ক ও তুলসী এবং অ্যালোভেরা ভ্যারিয়েন্টের শ্যাম্পু।

    এছাড়া ডেকো ফুডসের ডেকো ফ্রুট ফান্ডা ব্র্যান্ডের ম্যাঙ্গো এবং অরেঞ্জ ভেরিয়েন্টের সফট ড্রিংক বাজার থেকে সরাতে বলা হয়েছে।

    এসব পণ্যে সরকার নির্দেশিত মাত্রার চেয়ে বেশি ক্ষতিকারক প্রিজারভেটিভ এবং অণুজীবের উপস্থিতি পাওয়া গেছে বলে এক বিবৃতিতে জানিয়ে বিএসটিআই।

    নমুনা পরীক্ষায় অকৃতকার্য পণ্যগুলোর বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ইতোমধ্যে প্রত্যাখ্যানপত্র দেওয়া হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

    নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

    যে কোনো পণ্য ক্রয়ের আগে ক্রেতাসাধারণকে বিএসটিআইর মানচিহ্ন, লাইসেন্স নম্বর, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছেন কর্মকর্তারা।

    সেইসঙ্গে, কোনো পণ্যের মান, ভেজাল, প্রতারণা অথবা বিএসটিআইর মান চিহ্নের অপব্যবহার সংক্রান্ত অভিযোগ থাকলে তা দ্রুত বিএসটিআইকে অবহিত করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

  4. হামাসের নতুন নেতা খলিল আল হায়াহ

    ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে খলিল আল হায়াহকে নির্বাচিত করেছে।

    তিনি ইয়াহিয়া সিনওয়ারের স্থলাভিষিক্ত হলেন। মি. সিনওয়ার ২০২৪ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় নিহত হয়েছিলেন।

    ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ তিন নেতা ইসমাইল হানিয়াহ, ইয়াহিয়া সিনওয়ার এবং সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ নিহত হওয়ার পর থেকেই সংগঠনটির ভেতরে খলিল আল হায়াহ’র প্রভাব ব্যাপকভাবে বেড়ে যায়।

    ১৯৬০ সালে গাজা উপত্যকায় জন্মগ্রহণ করা মি. হায়াহ হামাস প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটির সাথে আছেন বলে জানা যাচ্ছে।

  5. চলতি বছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বাংলাদেশে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সময়ে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি আগের চেয়ে কমে দুই দশমিক ২২ শতাংশে দাঁড়িয়েছে।

    এর আগের প্রান্তিক, অর্থাৎ গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর মাসে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল তিন দশমিক শূন্য তিন শতাংশ।

    সোমবার জিডিপির সর্বশেষ এসব তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

    জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই রাজনৈতিক অস্থিরতা ও বিনিয়োগে স্থবিরতা দেখা দেওয়ায় ক্রমেই জিডিপি কমছে।

    ক্ষমতা গ্রহণের পর অর্থনীতিতে গতি আনার জন্য নানান প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে বিএনপি সরকার।

    তাদের ওইসব প্রচেষ্টা কতটুকু ফলপ্রসু হচ্ছে, সেটা জানতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা।

  6. ইরানে ফের বিমান হামলা, বড় বিস্ফোরণের শব্দ

    ইরানে আবারও হামলার ঘটনা ঘটেছে। সোমবার শিরাজের উত্তর-পশ্চিম দিক থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ফার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে।

    যুক্তরাষ্ট্র সেখানে বিমান হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

    তবে হামলা ও এর ক্ষয়ক্ষতি নিয়ে ইরান বা যুক্তরাষ্ট্র, কোনো পক্ষই এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

    এ ঘটনার আগে, এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কোর জানিয়েছিল যে, তারা বাহরাইন এবং কুয়েতে মার্কিন স্থাপনাকে লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

    যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে মধ্যপ্রাচ্যে তাদের বাহিনীর ওপর হামলা অব্যাহত রাখা হবে বলেও বিবৃতিতে সতর্ক করেছিল আইআরজিসি।

  7. সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথিরা

    ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে। সোমবার এক বিবৃতি নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।

    সেখানে সৌদি আরবকে 'অপরাধী ও শত্রু' বর্ণনা করা হয়েছে।

    বিবৃতিতে বলা হয়েছে, সৌদি সরকার ইয়েমেনের ওপর 'অন্যায় ও দমনমূলক' অবরোধ অব্যাহত রেখেছে। সেজন্য 'চোখের বদলে চোখ' নীতি অবলম্বন করে তাদের বিরুদ্ধে নৌ অবরোধ শুরু হয়েছে।

    সৌদি সরকার এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলে সেটার পাল্টা জবাব দেওয়ার হুমকিও দিয়েছে হুথিরা।

    ইয়েমেনে টানা কয়েক বছর ধরে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ২০২২ সালে যুদ্ধবিরতিতে সম্মত হয় হুথি এবং সৌদি নেতৃত্বাধীন জোট।

    কিন্তু সম্প্রতি দু'পক্ষের মধ্যে আবারও উত্তেজনা তৈরি হয়েছে।

    হুতি বিদ্রোহীরা অভিযোগ তুলেছে যে, ইয়েমেনে তাদের নিয়ন্ত্রিত একটি বিমানবন্দরে হামলা চালিয়েছে সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী।

    অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে হুতিরা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সেগুলো প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে সৌদি আরব।

  8. যমুনায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন যুগপৎ আন্দোলনের নেতারা

    রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া বিএনপির মিত্র রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতারা।

    বিএনপি সরকার গঠনের পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসলেন তারা।

    সন্ধ্যা সাড়ে সাতটায় বৈঠক শুরুর আগে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী জনশক্তি পার্টির নেতা শেখ রফিকুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের যমুনায় আসেন।

    মন্ত্রিসভায় জায়গা পাওয়া গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরও বৈঠকে অংশ নিয়েছেন বলে জানা যাচ্ছে।

    প্রধানমন্ত্রী ছাড়াও বিএনপি'র কিছু সিনিয়র নেতা বৈঠকে অংশ নিয়েছেন।

    আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা বিনিময়ের জন্য বৈঠকটির আয়োজন করা হয়েছে বলে বিএনপি'র পক্ষ থেকে জানানো হয়েছে।

    তবে সেখানে বর্তমান রাজনৈতিক বিভিন্ন ইস্যু ছাড়াও জোটসঙ্গীদের দেওয়া বিএনপির প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে।

  9. দিল্লিতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের অভিযান, দফায় দফায় সংঘর্ষ

    দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান শুরু করেছে পুলিশ। অভিযান শুরুর পর ককরোচ জনতা পার্টির নেতাকর্মীদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

    এতে হতাহতদের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

    সোমবার দুপুরে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সাথে দেখা করে স্মারকলিপি জমা দিন ককরোচ জনতা পার্টির নেতারা।

    এরপর বিক্ষোভকারী সরিয়ে দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। সেইসঙ্গে, লাঠিচার্জ শুরু করলে দু'পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

    বিক্ষোভকারীরা যন্তর মন্তর এলাকা ছেড়ে না যাওয়ায় পরিস্থিতি এখনও উত্তপ্ত রয়েছে বলে জানা যাচ্ছে।

    সংঘর্ষের জেরে বন্ধ করে দেওয়া হয় মধ্য দিল্লির বেশ কয়েকটি মেট্রো স্টেশন।

    পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিজেপি সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রায় এক সপ্তাহ ধরে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চালিয়ে আসছে ককরোচ জনতা পার্টি।

  10. যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম

    স্যার কিয়ের স্টারমারের পদত্যাগের পর যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন অ্যান্ডি বার্নহাম। সোমবার লেবার পার্টির এই নেতাকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়।

    এদিন সকালে বাকিংহাম প্যালেসে গিয়ে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন স্যার কিয়ের স্টারমার। এরপর মি. বার্নহামকে ডেকে সরকার গঠনের জন্য অনুরোধ জানানো রাজা।

    "মাননীয় অ্যান্ডি বার্নহাম এমপি রাজার প্রস্তাব গ্রহণ করেন এবং প্রধানমন্ত্রী ও ফার্স্ট লর্ড অব দ্য ট্রেজারি হিসেবে নিযুক্ত হওয়ার পর তার (রাজার) সাথে করমর্দন করেন," এক বিবৃতিতে জানিয়েছে বাকিংহাম প্যালেস।

    প্রধানমন্ত্রী হিসেবে দেওয়া প্রথম ভাষণে যুক্তরাজ্যের নাগরিকদের জীবনযাত্রার ব্যয়ভার কমানোর আশ্বাস দিয়েছেন অ্যান্ডি বার্নহাম।

    “আমি যত পদক্ষেপ নিবো, তার কেন্দ্রবিন্দুতে থাকবে মানুষের সেবা”, বলেন মি. বার্নহাম।

    এক্ষেত্রে গৃহহীনদের থাকার জায়গার ব্যবস্থা করার বিষয়ে প্রথমে নির্দেশনা জারি করা হবে বলে জানান তিনি।

    সেইসঙ্গে, চলতি বছরের শেষের দিকে ব্রিটেনের জন্য ১০ বছর মেয়াদী একটি পরিকল্পনা ঘোষণা করবেন বলেও জানিয়েছেন।

  11. ফাঁসির সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি

    জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়ে ভারত সরকারের কাছে চিঠি পাঠিয়েছে ঢাকা।

    সোমবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

    দিল্লিকে পাঠানো সাম্প্রতিক এই চিঠিতে মি. খানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের কপিও পাঠানো হয়েছে বলে জানান তিনি।

    "আসাদুজ্জামান খানের বিরুদ্ধে বাংলাদেশের আইনে বিচার চলছে। তিনি যেহেতু পলাতক আসামি, তাঁকে ফিরিয়ে আনার জন্য যে চিঠি দেওয়া প্রয়োজন, সেটাই আমরা দিয়েছি," বলেন মিজ ইসলাম।

    "কূটনৈতিক নীতিমালা ও প্রটোকল এবং প্রত্যর্পণ চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি) অনুযায়ী আসাদুজ্জামান খানকে দেশে ফিরিয়ে এনে তার বিচার সম্পন্ন করা হবে। ঠিক যেভাবে শেখ হাসিনাসহ অন্যান্য আসামির বিচার হবে," যোগ করেন তিনি।

    এর আগে, ২০২৫ সালের নভেম্বরেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মি. কামালকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে দিল্লিকে চিঠি দিয়েছিল বাংলাদেশ।

  12. করোনা পরীক্ষায় জালিয়াতিতে অভিযুক্ত রিজেন্টের সাহেদ আবারও গ্রেফতার

    করোনার নমুনা পরীক্ষায় জালিয়াতিতে অভিযুক্ত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে আবারও গ্রেফতার করেছে পুলিশ।

    সোমবার দুপুরে ঢাকার মিরপুর ইসিবি চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানান তিনি।

    মি. সাহেদের নাম প্রথমবার আলোচনায় আসে কোভিড মহামারীর সময়।

    ২০২০ সালের সাতই জুলাই উত্তরায় অবস্থিত তার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‍্যাব। সেখান থেকে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট জব্দ করা হয়।

    এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে সাহেদসহ ১৭ জনের নামে করোনাভাইরাস পরীক্ষার সনদ জালিয়াতির অভিযোগে উত্তরা পশ্চিম থানায় মামলা করে।

    পরে মি. সাহেদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, অর্থপাচার, অবৈধ অস্ত্র রাখাসহ আরও প্রায় তিন ডজন মামলা হয়।

    এর মধ্যে ২০২০ সালের ২৮শে সেপ্টেম্বর অস্ত্র আইনের মামলায় মি. সাহেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। পরে ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে ২০২৪ সালের ১১ই জানুয়ারি খালাস পান তিনি।

    তবে গত ১৪ই জানুয়ারি হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত।

    এছাড়া জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের এক মামলায় ২০২৩ সালের ২১শে অগাস্ট মি. সাহেদকে তিন বছর কারাদণ্ড দিয়েছিল আদালত। সেইসঙ্গে ২০১০ সালে চেক জালিয়াতির একটি মামলায় ছয় মাসের সাজা পান তিনি।

    ২০২৪ সালের চৌঠা সেপ্টেম্বর বিভিন্ন জামিনে জেল থেকে ছাড়া পান মি. সাহেদ। এর দেড় বছর পর তিনি আবারও গ্রেফতার হলেন।

  13. হাম উপসর্গে আর পাঁচ শিশুর মৃত্যু, হাজারের বেশি নতুন করে আক্রান্ত

    বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচটি শিশু মারা গেছে। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে।

    এছাড়া বিভিন্ন জেলায় নতুন করে আরও এক হাজার ৬৯টি শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৪৭ শিশুর।

    গত ১৫ মার্চ থেকে গত চার মাসে সারা দেশে হাম ও হাম সন্দেহে আক্রান্তের সংখ্যা এক লাখ ত্রিশ হাজার ছাড়িয়ে গেছে।

    এর মধ্যে অন্তত ৭৯৩টি শিশু প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।।

  14. রাষ্ট্রপতি জিয়া হত্যা মামলায় গ্রেফতার সাবেক সেনা মোজাফফরের বিচার হবে সেনা আইনে

    বাংলাদেশের প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    ইতোমধ্যেই তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

    "একই অপরাধে কোনো ব্যক্তিকে সিভিল ল' ও মার্শাল ল'- দু'টি ভিন্ন আইনে আলাদাভাবে বিচার বা ট্রায়াল করার আইনি সুযোগ নেই। তাই সেনা আইনেই এই মামলার বিচার সম্পন্ন হবে,' সোমবার ঢাকার পিলখানায় বিজিবি সদরদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন স্বরাষ্ট্রমন্ত্রী মি. আহমদ।

    প্রায় ৪৫ বছর ধরে পলাতক থাকার পর জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম অভিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে সম্প্রতি ঢাকার বনানীর একটি বাসা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।।

    ছদ্মনাম ধারণ করে তিনি এতদিন 'পার্শ্ববর্তী একটি দেশে' আত্মগোপনে ছিলেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

    ১৯৮১ সালের ৩০শে মে ভোরে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে নিহত হয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

  15. আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টারমার

    রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন কিয়ের স্টারমার।

    এ বিষয়ে বাকিংহাম প্যালেসের বিবৃতিতে বলা হয়েছে, "আজ সকালে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগপত্র জমা দেন স্যার কিয়ার স্টারমার। রাজা তার পদত্যাগ গ্রহণ করেছেন।"

    "এ সময় লেডি স্টারমারও রাজার সঙ্গে সাক্ষাৎ করেছেন।"

  16. আমার কাজ শেষ: বিদায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

    ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে তার বিদায়ী বক্তব্যে বলেছেন, "আমার কাজ শেষ।" প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা তার জীবনের "সবচেয়ে বড় সম্মানের" বিষয় ছিল।

    বক্তব্য শেষে তিনি রাজা তৃতীয় চার্লসের কাছে গিয়ে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেবেন।

    এর মধ্য দিয়েই প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্বের অধ্যায়ের সমাপ্তি হবে।

    বিদায়ী বক্তব্যে তিনি দাবি করেছেন, গত দুই বছরের তুলনায় যুক্তরাজ্য আরও শক্তিশালী দেশে পরিণত হয়েছে।

    তিনি বলেন, তার সময়ে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হয়েছে, জনসেবার মান উন্নত হয়েছে, অনেক শিশুকে দারিদ্র্য মুক্ত করা গেছে, অভিবাসন কমেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাজ্যের সুনামও অনেক বেড়েছে।

    "আমরা এখন এমন এক পৃথিবীতে বাস করছি, যেখানে আমাদের মূল্যবোধের কারণেই শত্রুরা আমাদের বিভক্ত করতে সবকিছু করতে প্রস্তুত" উল্লেখ করে তিনি আরও বলেন যে এমন পরিস্থিতিতে ব্রিটেনের শক্তি ও সাফল্যের দিকগুলো মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    আজ সকালে শেষবারের মতো ডাউনিং স্ট্রিটের সরকারি বাসভবনে ঘুম থেকে উঠেছেন তিনি।

    যদিও তিনি ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বদলে অর্থমন্ত্রীর জন্য নির্ধারিত ১১ নম্বর ডাউনিং স্ট্রিটের ফ্ল্যাটে থাকতেন।

  17. শিশু ধর্ষণ ও হত্যা মামলায় চট্টগ্রাম ও মাগুরায় দু'জনের মৃত্যুদণ্ড

    শিশু ধর্ষণ ও হত্যা মামলায় চট্টগ্রাম ও মাগুরায় দু'জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

    এর মধ্যে চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় তিন বছর আগে স্কুল ছাত্রী আবিদা সুলতানা আয়নীকে হত্যা মামলায় মৃত্যূদণ্ড দেওয়া হয়েছে আসামি মো. রুবেলকে।

    জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. সাইফুর রহমান সোমবার এই রায় ঘোষণা করেন।

    ২০২৩ সালের ২৯শে মার্চ নগরীর পাহাড়তলী থানার সাগরিকা বাই লেইন মুরগি ফার্ম আলমতারা পুকুর পাড় এলাকার একটি ডোবা থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আয়নীর মরদেহ উদ্ধার হয়।

    পরে ওই ঘটনায় জড়িত অভিযোগে এই এলাকার সবজি বিক্রেতা রুবেলকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

    বিড়ালের বাচ্চা দেওয়ার কথা বলে শিশু আয়নীকে একটি ফাকা ভবনে নিয়ে গিয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে সে হত্যা করেছিল বলে তখন জানিয়েছিলেন তদন্তকারী কর্মকর্তারা।

    অন্যদিকে, মাগুরায় চার বছর আগের এক শিশু ধর্ষণ ও হত্যা মামলায় হাসান শেখ নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

    ২০২২ সালের ১৭ই মার্চ মাগুরা শ্রীকোল এলাকায় কুমার নদের তীরে একটি বাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।

  18. সারা দেশে আবারও ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস

    বাংলাদেশে আবারও ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    সোমবার এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    সেই সঙ্গে, সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণের আভাস রয়েছে।

    ২৪ ঘণ্টায় সাধারণত ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে সেটাকে ‘ভারি বৃষ্টিপাত' বলা হয়। আর এর চেয়ে বৃষ্টি হলে সেটা ‘অতি ভারি’ বৃষ্টি হিসেবে চিহ্নিত হয়।

    অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সম্প্রতি বাংলাদেশের সাতটি জেলায় বন্যা দেখা দেওয়ায় পানিবন্দি হয়ে পড়েন লাখ লাখ মানুষ। এছাড়া বন্যা ও পাহাড় ধ্বসে অর্ধ শতাধিক মানুষ প্রাণ হারান।

    এমনকি ঢাকাতেও ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার দুর্ভোগে পড়েন নগরবাসী। ভারি বর্ষণের ফলে আবারও ওই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে বলে শঙ্কা করছেন অনেকে।

  19. ককরোচ পার্টির মিছিল ঘিরে উত্তপ্ত দিল্লি, পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ

    একদিকে যখন সরকারের সঙ্গে আলোচনা করছেন ককরোচ জনতা পার্টির সদস্যরা, তখন দিল্লির যন্তর মন্তরে কেরালা হাউসের সামনে পুলিশের দ্বারা সোনাম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমোর উপর পুলিশি হেনস্থার অভিযোগ।

    সামাজিক মাধ্যম এক্স-এ এই কথা জানিয়েছেন ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস।

    এছাড়াও তিনি দুপুর দু'টো পঞ্চাশ মিনিট নাগাদ লেখেন যে মুখ্য আন্দোলনকারী অভিজিৎ দীপকেকে পুলিশ 'তুলে নিয়েছে', অবশ্য পরে তিনিই জানান যে অভিজিৎ দীপকেকে আটক বা গ্রেফতার করা হয়নি। কেরালা হাউসের সামনে বহু মানুষের জমায়েত হয়েছে।

    রবিবার ১৯শে জুলাই রাত থেকেই যন্তর মন্তরে ২০ তারিখের সংসদ অভিযানের জন্য জড়ো হতে শুরু করেছিলেন ভারতের বিভিন্ন জায়গা থেকে আসা আন্দোলনকারীরা। ভারতের সংসদে বাদল অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সংসদ ভবনের দিকে এগোতে শুরু করেন আন্দোলনকারীরা।

    পুলিশের সঙ্গে একাধিক সংঘর্ষের ছবিও সামনে আসে। বন্ধ করে দেওয়া হয় মধ্য দিল্লির বেশ কয়েকটি মেট্রো স্টেশন। আন্দোলনকারীরা সংসদ ভবনের কাছে রেল ভবন পর্যন্ত পৌঁছে গেলে তাদের উপর কাঁদানে গ্যাস প্রয়োগ করে সশস্ত্র কেন্দ্রীয় পুলিশবাহিনী।

    আন্দোলনকারীদের সঙ্গে ছিলেন সোনাম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো। তিনি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাবি করেছেন। দুপুর ১২টা নাগাদ ককরোচ জনতা পার্টির সহ-প্রতিষ্ঠাতা সৌরভ দাস সামাজিক মাধ্যম এক্স-এ জানান যে তারা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে যাচ্ছেন।

    শেষ পাওয়া খবর অনুযায়ী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার কাছে হলফনামা জমা দিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিনিধিরা।

    আলোচনায় রাজি হওয়ায় সোনাম ওয়াংচুক অভিজিৎ দীপকেকে অনুরোধ করেছেন তার অনশন ভঙ্গ করার জন্য। সোনাম ওয়াংচুককে ধর্ণাস্থল থেকে হাসপাতালে স্থানান্তর করার পর থেকেই অনশনে বসেছিলেন অভিজিৎ দীপকে। যদিও সোনাম ওয়াংচুকের অনশন এখনও চলছে বলেই জানিয়েছেন তার স্ত্রী গীতাঞ্জলি আংমো।

    প্রতিবাদ মঞ্চ থেকে গীতাঞ্জলি আংমো বলেন, "এই সরকার জনবিরোধী, এর বিরুদ্ধে প্রতিবাদ চলবে।"

    সম্প্রতি ভারতের চিকিৎসাক্ষেত্রে ভর্তির পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস হওয়ায় সারা দেশ থেকে ২১ জন ছাত্রছাত্রীর আত্মহত্যার খবর মিলেছে। ফলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে আন্দোলন শুরু করে ককরোচ জনতা পার্টি। তাদের সমর্থন দিয়ে অনশনে বসেন শিক্ষকর্মী ও পরিবেশ বিষয়ক আন্দোলনকারী সোনাম ওয়াংচুক।

  20. বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান

    বাংলাদেশ সেনাবাহিনী থেকে অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    সোমবার সকালে শুরু হওয়া ওই অভিযানে বাড়িটিতে থাকা মি. আহসানের মালামাল ও সম্পদ জব্দ করা হয়েছে। বর্তমানে জব্দকৃত সম্পদের তালিকা তৈরির কাজ চলছে বলে সাংবাদিকদের জানিয়েছেন দুদকের মুখপাত্র তানজীর আহমেদ।

    জুলাই গণ-অভ্যুত্থানের পর ঢাকার নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় ২০২৪ সালের ১৬ই অগাস্ট গ্রেফতার হন মি. আহসান। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

    গত সাতই জানুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের আরেকটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলাতেও তিনি গ্রেফতার রয়েছেন।

    মামলার এজাহারে বলা হয়েছে, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মি. আহসান ক্ষমতার অপব্যবহার করে নিজ নামে প্রায় ২২ কোটি ২৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।

    পরে সেসব অর্থ তার স্ত্রী নুসরাত জাহানের ব্যাংক হিসেবের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের নামে স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করেছেন।

    মিজ জাহানের নামে থাকা আটটি ব্যাংক হিসাবে প্রায় ১২০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে বলে জানিয়েছে দুদুক।

    মি. আহসান অ্যান্টিগা অ্যান্ড বারবুডার পাঁচ বছর মেয়াদি বন্ডে প্রায় ১৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার অবৈধভাবে বিনিয়োগ করেছেন বলেও দাবি করেছেন তদন্তকারী কর্মকর্তারা।

    এর আগে, ২০২৫ সালের ২৪শে এপ্রিল মি. আহসানের নামে থাকা বাড়ি ও জমি জব্দ এবং ব্যাংক হিসেবে অর্থ অবরুদ্ধ করার আদেশ দিয়েছিল আদালত।

    দুদকের তথ্য অনুযায়ী, মি. আহসানের নামে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আটতলা একটি বাড়ি রয়েছে। সেইসঙ্গে, বরিশালে একটি বাগানবাড়ি ছাড়াও একটি একতলা বাড়ি ও নির্মাণাধীন আটতলা আরেকটি বাড়ি রয়েছে।

    এছাড়া ঢাকার মিরপুর ও উত্তরায় তার নামে আরো তিনটি ফ্ল্যাট রয়েছে বলে জানিয়েছেন দুদকের কর্মকর্তারা।