আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
পত্রিকা: 'জুলাইয়ের ঘটনায় ভুয়া মামলা ফাঁসছেন বাদীরা'
মানবজমিন পত্রিকার খবর- জুলাইয়ের ঘটনায় ভুয়া মামলা ফাঁসছেন বাদীরা
সম্প্রতি পুলিশের একাধিক বিশেষ ইউনিট থেকে জুলাই মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। এতে ছাত্র আন্দোলন ঘিরে দায়ের হওয়া মিথ্যা হত্যা মামলাগুলোর তদন্তে এবার উল্টো বাদীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
তদন্তে একের পর এক মামলায় মিথ্যা তথ্য, ভুয়া অভিযোগ, জীবিত ব্যক্তিকে নিহত দেখানো, এমনকি মৃত ব্যক্তিদের আসামি করার প্রমাণ মিলছে। একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করে নিরীহ মানুষকে হয়রানির চেষ্টা করেছে। পুলিশ সদর দপ্তর ও সিআইডি'র কর্মকর্তারা জানিয়েছেন, কয়েকটি মামলায় জীবিত ব্যক্তিকে শহীদ দেখিয়ে হত্যা মামলা করা হয়েছে।
এসব ঘটনায় জড়িত বাদীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। এমন অন্তত ১১০টি মামলা শনাক্ত করা হয়েছে। তদন্তে যাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেয়ার প্রমাণ মিলছে, তাদের আইনের আওতায় আনার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে দু'-একটা মামলাও করা হয়েছে। বাকি তথ্য ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়েছে। তারা যাচাই করে কঠোর ব্যবস্থা নেবেন।
এদিকে পিবিআই'র তদন্তে পাওনা টাকা আদায়ে মামলা, এমনকি ডিভোর্স দেয়ায় স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকদের ফাঁসাতে ছেলেকে দিয়ে মিথ্যা মামলা করানোর প্রমাণ মিলেছে পিতার বিরুদ্ধে। মোটরসাইকেল দুর্ঘটনায় মামলাকে জুলাই আন্দোলন সংশ্লিষ্ট ঘটনা দেখিয়ে মামলা করার প্রমাণ মিলেছে।
বণিক বার্তা পত্রিকার খবর- গৃহহীন হয়ে রাস্তায় বহু প্রবাসী বাংলাদেশী, দূতাবাসের সহযোগিতা না পাওয়ার দাবি
ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদ ও অবৈধ অভিবাসীবিরোধী সাঁড়াশি অভিযানের কারণে কুয়েতপ্রবাসী বাংলাদেশীরা মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছেন।
বাসস্থান হারিয়ে বিপুলসংখ্যক বাংলাদেশী শ্রমিকের দিন-রাত কাটছে রাস্তা কিংবা খোলা জায়গায়। গত বুধবার (১৫ জুলাই) থেকে শুরু হওয়া এ সংকট এখন তীব্র আকার ধারণ করেছে। গ্রীষ্মের প্রচণ্ড গরমে গতকাল দেশটির তাপমাত্রা ছিল প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস। তীব্র এ গরমে অনেক প্রবাসী অসুস্থ হয়ে পড়লেও বাংলাদেশ দূতাবাস থেকে তেমন কোনো সহযোগিতা মিলছে না বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।
কুয়েতের সরকারি পরিসংখ্যানের হালনাগাদ তথ্য অনুযায়ী, কুয়েতে প্রায় সাড়ে তিন লাখ বাংলাদেশী শ্রমিক বসবাস করছেন। এসব শ্রমিকের অনেকেই এখন বাসস্থান সংকটের মুখে। গত ১৫ জুলাই রাতে আকস্মিকভাবে দেশটির জিলিব আল-শুয়ুখ, হাসাবিয়া ও আব্বাসিয়া এলাকায় ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদ এবং অবৈধ অভিবাসীবিরোধী সাঁড়াশি অভিযান শুরু হয়।
কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে সেনাবাহিনী, ন্যাশনাল গার্ড, ফায়ার ফোর্স, বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয়, গণপূর্ত এবং বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় যৌথভাবে অংশ নেয়।
অভিযানে আইন লঙ্ঘনকারী ভবনগুলোর বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। একই সঙ্গে ভবনের মালিকসহ সংশ্লিষ্টদের জরিমানা করা হয়েছে।
যুগান্তর পত্রিকার খবর- রাজা মেসি না যুবরাজ ইয়ামাল
একসময় পৃথিবীর সব রাস্তা গিয়ে শেষ হতো রোমে। আজ সব পথ গিয়ে থামবে নিউইয়র্কের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। যেখানে জীবনের সঙ্গে সাক্ষাৎ হবে ফুটবলশিল্পীদের। আজ কার রাত? আর্জেন্টিনার, নাকি স্পেনের? লিওনেল মেসি, না লামিনে ইয়ামালের?
এই গ্রহের আনাচে-কানাচে, দিনে-রাতে ২২ জন ফুটবলারের শেষ মহারণ মন্ত্রমুগ্ধ করে রাখবে ফুটবল বুভুক্ষুদের। আজ যে বিশ্বকাপ ফাইনাল।
মেটলাইফে স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ বাঁশিতে যখন প্রথম ফুঁ দেবেন, বাংলাদেশে তখন রাত ১টা। নিশ্চিতভাবে ঘরে ঘরে আর্জেন্টিনা ও স্পেনের অনুরাগীরা চাক্ষুষ করবেন বিশ্ব কাঁপানো বিশ্বযুদ্ধের প্রতিটি মুহূর্ত।
ফুটবল আজ রাতে দুই প্রজন্মের দুই জাদুকরকে মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। ১৯ বছর আগে বার্সেলোনার সাজঘরে পাঁচ মাসের যে শিশুকে বাথটাবে গোসল করিয়েছিলেন সেসময় ২০ বছরের এক লাজুক তরুণ-ফুটবল-বিধাতা তাদের প্রতিপক্ষ বানিয়ে দিয়েছেন শেষ মহারণে।
সেই শিশুটিই স্পেনের ইয়ামাল এবং যুবক মেসি। তাদেরকে কোনো দূর অজানা থেকে হয়তো আশীর্বাদ করবেন দুদেশের দুই কবিও-স্পেনের লোরকার জিপসি ব্যালাড ও আর্জেন্টিনার হার্নান্দেজের ফিয়েরো।
নিউ এইজ পত্রিকার খবর - Govt to pilot Prabasi Card next month অর্থাৎ আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে প্রবাসী কার্ড
আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে পরীক্ষামূলকভাবে প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে সরকার। প্রথম ধাপে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করবে। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধান উপদেষ্টা তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুনের মধ্যে মোট ২ লাখ প্রবাসী কার্ড বিতরণ করা হবে। দ্বিতীয় ধাপে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে কার্ড-সংক্রান্ত সব কার্যক্রম পরিচালিত হবে।
ডুয়াল কারেন্সি এই কার্ডের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা আন্তর্জাতিক লেনদেন ও ব্যাংকিং সুবিধাসহ বিভিন্ন আর্থিক প্রণোদনা এবং বিশেষ সেবা পাবেন।
এর লক্ষ্য প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, আর্থিক ক্ষমতায়ন এবং উন্নত ব্যাংকিং সুবিধা নিশ্চিত করা।
সমকাল পত্রিকার খবর- আন্দোলনের সঙ্গীদের মধ্যে অসন্তোষ
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে থাকা শরিক দলগুলোর মধ্যে অসন্তোষ ও অস্বস্তি বাড়ছে। তাদের অভিযোগ, সরকার গঠনের পর থেকে আন্দোলনে দেওয়া অবদানের যথাযথ মূল্যায়ন হয়নি।
এ পরিস্থিতিতে শরিকদের ক্ষোভ কমাতে বিএনপি নতুন করে উদ্যোগ নিয়েছে।
সোমবার বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন।
বৈঠকে শরিকদের মতামত শোনা, ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা এবং রাষ্ট্র সংস্কার ও নির্বাচন-পরবর্তী ভূমিকা নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরার কথা রয়েছে। পাশাপাশি তৃণমূল পর্যায় পর্যন্ত হিস্যা এবং শরিকদের সঙ্গে সম্পর্ক আরও সুসংহত করার বিষয়েও আলোচনা হতে পারে।
নয়া দিগন্ত পত্রিকার খবর- ঢাকার আরো ৫০ পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
যানজট নিরসনে ঢাকার আরো ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
একই সাথে বায়ু ও শব্দদূষণ কমাতে ইটভাটার দূষণ নিয়ন্ত্রণ, অতিরিক্ত হর্ন ব্যবহার বন্ধ এবং ফিটনেসবিহীন যানবাহন দ্রুত সড়ক থেকে সরানোর নির্দেশও দিয়েছেন তিনি।
গতকাল শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, বৈঠকে বায়ু ও শব্দদূষণ প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ইটভাটার কারণে সৃষ্ট বায়ুদূষণ কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়।
এ সময় পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
রাজধানীতে যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহার নিয়ন্ত্রণের বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরো কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
কালের কণ্ঠ পত্রিকার খবর- ডিজিটাল সেবায় প্রতারণার ফাঁদ
দেশে সাইবার অপরাধ বাড়ছে। বিস্তৃত হচ্ছে প্রতারণার ফাঁদ।
এসব ঘটনার ৯৭ শতাংশ শিকার নারী ও শিশু। এ ক্ষেত্রে মূল লক্ষ্যবস্তু কিশোরী-তরুণীরা। ব্যাংকসংক্রান্ত আর্থিক তথ্য হাতিয়ে নিতেও এসব অপরাধী ব্যাপকভাবে সক্রিয়, যার ফলে অর্থ চুরির মতো ঘটনার ঝুঁকি বাড়ছে।
এদের জুয়ার ওয়েবসাইটগুলোর মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিসেস (এমএফএস) অ্যাকাউন্টের মাধ্যমে প্রতিদিন বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়।
পুলিশ সদর দপ্তর ও গোয়েন্দো সূত্রে এসব তথ্য জানা গেছে।
পুলিশের তদন্তে উঠে এসেছে, দেশে প্রতি পাঁচজন কিশোরী ও তরুণীর মধ্যে তিনজন সাইবার বুলিংয়ের শিকার।
তবে সামাজিক কলঙ্কের ভয়ে দেশে প্রায় ৮৯ শতাংশ ভুক্তভোগী অভিযোগ করেন না। অভিযোগ করলেও প্রায় ৭২ শতাংশ মামলা পর্যাপ্ত প্রমাণের অভাবে নিষ্পত্তিহীন থাকে বা খারিজ হয়ে যায়।
দেশ রূপান্তর পত্রিকার খবর- রোহিঙ্গা সংকট কাটাতে পাশে থাকার আশ্বাস চীনের
বাংলাদেশের স্বার্থে চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অন্যদিকে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়াতে আগ্রহী। রোহিঙ্গা সংকট সমাধানেও চীন বাংলাদেশের পাশে থাকবে।
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের পদ্মা হলে গতকাল শনিবার বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, 'বাংলাদেশে উন্নয়নের ধারা আরও গতিশীল করতে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে চীন। একই সঙ্গে তারা রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানেও বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে।'
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, 'বাংলাদেশ ও চীনের সম্পর্ক ঐতিহাসিক এবং সময়ের সঙ্গে সঙ্গে তা আরও গভীর ও বহুমাত্রিক হয়েছে। স্বাধীনতার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে দুই দেশের সম্পর্ক সুদৃঢ় ভিত্তি লাভ করে।
পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চীন সফর এ সম্পর্ককে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।'
প্রথম আলো পত্রিকার খবর- যুদ্ধ আবার পুরোদমে ছড়িয়ে পড়ার শঙ্কা
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে আবার পুরোদমে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) শর্তগুলো ওয়াশিংটন আর মানবে না। গতকাল শনিবার ইরানও এমওইউ সম্পর্কে একই অবস্থানের কথা জানিয়ে দিয়েছে।
পাশাপাশি ইরান হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র এভাবে আর দু-তিন দিন হামলা চালালে তেহরান 'সর্বাত্মক অভিযান' শুরু করবে।
যুক্তরাষ্ট্র গতকাল টানা সপ্তম দিনের মতো ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে।
এর জবাবে পারস্য উপসাগরীয় বিভিন্ন দেশে মার্কিন সামরিক স্থাপনা ও সংশ্লিষ্ট দেশের বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে ইরান।
গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরান স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে এমওইউ সই করে। এতে সব ফ্রন্টে স্থায়ীভাবে সংঘাত বন্ধ করা, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক করা, ইরানের বন্দরে মার্কিন অবরোধ প্রত্যাহার এবং পরবর্তী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আরও আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ছিল।
দ্য ডেইলি স্টার পত্রিকার খবর- Narcotics dept can work at borders, carry arms অর্থাৎ সীমান্তে অভিযান চালাতে ও অস্ত্র বহনের ক্ষমতা পেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬ অনুযায়ী সীমান্ত এলাকা, স্থলবন্দর, বিমানবন্দর ও সমুদ্রবন্দরে এখন থেকে নিজস্বভাবে অভিযান, তল্লাশি, জব্দ, গ্রেপ্তার ও তদন্ত চালাতে পারবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
১৬ জুলাই গেজেট প্রকাশের মাধ্যমে আইনটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
নতুন আইনের আওতায় ডিএনসিকে অস্ত্র বহন, অস্ত্রাগার স্থাপন, ডগ স্কোয়াড পরিচালনা এবং সাইবার অপরাধ নিয়ন্ত্রণ শাখা গঠনের অনুমতিও দেওয়া হয়েছে।
আগে ঝুঁকিপূর্ণ অভিযানে সশস্ত্র আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করতে হতো এবং সীমান্ত এলাকায় কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রধান ভূমিকা ছিল বিজিবির।
এখন থেকে অনুমোদিত ডিএনসি কর্মকর্তারা সীমান্ত ও মাদক পাচারপ্রবণ এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করতে পারবেন।