সাবেক ভূমিমন্ত্রীর গুলশানের দুই ফ্ল্যাটে তিনশোর বেশি কোট, পাঁচশোর বেশি টাই ও রোলেক্স ঘড়ি

মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে তের বছর আগে সংঘটিত ‘হত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগে করা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। অন্যদিকে রোববার ঢাকার গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর দুইটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ফ্ল্যাট দুইটির নিয়ন্ত্রণ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সরাসরি কভারেজ

  1. রোববার সারাদিন যা যা হলো

    • রোববার রাতে লিওনেল মেসির আর্জেন্টিনা ও লামিন ইয়ামালের স্পেনের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ফাইনাল খেলা।
    • বিশ্বকাপ চ্যাম্পিয়নদের হাতে রোববার সন্ধ্যায় 'ওয়ার্ল্ড কাপ রিং' বা বিশ্বকাপ আংটি তুলে দেবে ফিফা। বিজয়ী দলকে এই আংটি দেওয়া যুক্তরাষ্ট্রের খেলাধুলার একটি ঐতিহ্য।
    • আর্জেন্টিনার পক্ষে বিশ্বকাপে পক্ষপাতমূলক আচরণ করার অভিযোগ আনা হয়েছে। মিশরের বিপক্ষে আর্জেন্টিনার জয় একটি বিতর্কের জন্ম দিয়েছে। মিশর অভিযোগ করেছে, আর্জেন্টিনার পক্ষে পক্ষপাতিত্ব করা হয়েছে এবং তাদের তারকা খেলোয়াড় লিওনেল মেসির প্রতি বিশেষ সুবিধা দেখানো হয়েছে।
    • মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে তের বছর আগে সংঘটিত ‘হত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগে করা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এক ব্রিফিং এ খসড়া প্রতিবেদন হাতে পাওয়ার কথা জানিয়েছেন।
    • ঢাকার গুলশানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুইটি ফ্ল্যাট ক্রোকের অংশ হিসেবে সেখানে থাকা সামগ্রীর তালিকা তৈরির কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। প্রথমদিন দুদক যেসব সামগ্রী পেয়েছে তার মধ্যে তিন শতাধিক কোট, পাঁচশ ৩২টির বেশি টাই পাওয়া গেছে। আগামীকালও এই কাজ চলবে তারপর চূড়ান্ত তালিকা পাওয়া যাবে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা।
    • সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ডেস্কটপে ব্যবহারে রোববার দুপুরে ঘণ্টা দুয়েকের জন্য বিপাকে পড়েছিলেন বাংলাদেশের ব্যবহারকারীরা। মোবাইলে ফেসবুক ব্যবহারে কারো কারো সমস্যা না হলেও অনেকেই ব্যবহার করতে পারছিলেন না বলেও অভিযোগ করেছিলেন।
    • ইরানের উপকূলীয় নজরদারি এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে লক্ষ্যবস্তু করে শনিবার রাতে দেশটির ওপর আরেক দফা বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন সামরিক কর্মকর্তারা।
    • ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাবলিক রিলেশনস সেন্টারের প্রধান হোসেইন কেরমানপুর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ লিখেছেন, “১৮ই জুলাই সকাল সাতটা পর্যন্ত, মার্কিন বিমান হামলায় ৫১৭ জন আহত এবং ৫০ জনেরও বেশি শহীদ হয়েছেন।”

    বিবিসি বাংলা'র লাইভ পাতায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেশ-বিদেশের অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

  2. 'আমরা বিপ্লব করি না, বিপ্লবে বিশ্বাসও করি না':স্থানীয় সরকার মন্ত্রী

    স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, “বিএনপি কোন বিপ্লবী দল নয়। আমরা বিপ্লব করি না, বিপ্লবে বিশ্বাসও করি না”: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বিএনপি কোন বিপ্লবী দল নয়। আমরা বিপ্লব করি না, বিপ্লবে বিশ্বাসও করি না।”

    রোববার জুলাইয়ের গণঅভ্যুত্থান নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

    নির্বাচনের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে বলে উল্লেখ করেন তিনি।

    মি. আলমগীর বলেন, “আমরা খুব ভালো করেই জানি এতো অল্প সময়ের মধ্যে ১৫ বছরের যে লুটপাট, ধ্বংস, হত্যাযজ্ঞ সবকিছুকে শুধরে দেয়া সম্ভব না। কিন্তু কাজটা শুরু হয়েছে। হয়তো অনেক অপূর্ণতা রয়েছে, অসঙ্গতি রয়েছে কিন্তু কাজটা শুরু হয়েছে। একেবারেই হয়নি এ কথা বলা যাবে না।”

    তিনি বলেন, সরকার নিশ্চয়ই সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হবে যেখানে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে।

    জুলাই সনদ নিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে উল্লেখ করে মি. আলমগীর বলেন, “আমার খুব খারাপ লাগে যখন দেখি কতগুলো বিষয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয় সেটা হলো জুলাই সনদ নিয়ে। জুলাই সনদ এটা স্বাক্ষরিত যেটা এডমিট সেখানে কিন্তু পরিষ্কার করে বলা আছে, যে বিষয়গুলোতে আমরা একমত হতে পারছি না রাজনৈতিক দলগুলো তারা যদি নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায় তাহলে তাদের পেরিফেরি অনুযায়ী তারা কাজ করবে।”

  3. তেহরানে যুদ্ধে মৃতের সংখ্যা ৫০- এ পৌঁছেছে:স্বাস্থ্য মন্ত্রণালয়

    ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাবলিক রিলেশনস সেন্টারের প্রধান হোসেইন কেরমানপুর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ লিখেছেন, “১৮ই জুলাই সকাল সাতটা পর্যন্ত, মার্কিন বিমান হামলায় ৫১৭ জন আহত এবং ৫০ জনেরও বেশি শহীদ হয়েছেন।”

    মি. কেরমানপুর জানিয়েছেন, নিহতদের মধ্যে পাঁচজন নারী ও দুজনের বয়স ১৮ বছরের কম।

    একইসঙ্গে আহতদের মধ্যে ৩৫ জন নারী এবং ১৯ জনের বয়স ১৮ বছরের কম।

    তিনি আরো লিখেছেন, “চিকিৎসা শেষে ৪৬৮ জনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ৩৩ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।”

  4. আর্জেন্টিনার প্রতি কী পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে বিশ্বকাপে?

    আর্জেন্টিনার প্রতি কী পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে বিশ্বকাপে?

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মিশর অভিযোগ করেছে, আর্জেন্টিনার পক্ষে পক্ষপাতিত্ব করা হয়েছে এবং তাদের তারকা খেলোয়াড় লিওনেল মেসির প্রতি বিশেষ সুবিধা দেখানো হয়েছে

    বিশ্বকাপ শিরোপা ধরে রাখার জন্য সর্বস্ব উজাড় করে দিচ্ছে আর্জেন্টিনা এবং তাদের সেটি করার প্রয়োজনও ছিল।

    প্রথম দুইটি নকআউট পর্বে কেপ ভার্দে এবং মিশরকে সহজে গুঁড়িয়ে দেবে বলে আশা করা হলেও, আর্জেন্টিনাকে ৩-২ ব্যবধানের জয়গুলোর জন্য হাড্ডাহাড্ডি লড়াই করতে হয়েছে।

    যদিও মিশরের বিপক্ষে আর্জেন্টিনার জয় একটি বিতর্কের জন্ম দিয়েছে।

    আফ্রিকান এই দেশটি তাদের শেষ ১৬-র পরাজয়ের দায়িত্বে থাকা ম্যাচ পরিচালনাকারী রেফারিদের টুর্নামেন্ট থেকে বের করে দেওয়ার জন্য ফিফাকে অনুরোধ করেছে।

    মিশর অভিযোগ করেছে, আর্জেন্টিনার পক্ষে পক্ষপাতিত্ব করা হয়েছে এবং তাদের তারকা খেলোয়াড় লিওনেল মেসির প্রতি বিশেষ সুবিধা দেখানো হয়েছে।

    ম্যাচ শেষে কোচ হোসাম হাসান বলেন, মিশরের প্রতি “অন্যায় আচরণ” করা হয়েছে এবং তারা “অবিচারের শিকার” হয়েছে।

    ফিফাও পক্ষপাতিত্ব করেছে বলে অভিযোগ তুলেছেন মি. হাসান।

    তিনি বলেন, “হয়তো তারা বিশ্ব চ্যাম্পিয়নকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে চেয়েছিল। হয়তো তারা চেয়েছিল মেসি যেন লড়াইয়ে টিকে থাকে।”

    এরপর সুইজারল্যান্ডকে ১০ জনের দলে নামিয়ে আনতে আর্জেন্টিনার ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিআর) সাহায্যের প্রয়োজন হয়েছিল।

    একইসঙ্গে অতিরিক্ত সময়ে গড়ানো কোয়ার্টার ফাইনালটি ৩-১ ব্যবধানে জেতে আর্জেন্টিনা।

    এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ ব্যবধানের সেমিফাইনাল জয়েও বেশ কিছু সিদ্ধান্ত তাদের পক্ষেই গিয়েছিল।

  5. ভারী বৃষ্টির পর নিউ ইয়র্কে ঝলমলে রোদে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ফাইনাল

    ভারী বৃষ্টির পর নিউ ইয়র্কে ঝলমলে রোদে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ফাইনাল

    ছবির উৎস, BBC Sport

    ছবির ক্যাপশান, ভারী বৃষ্টির পর নিউ ইয়র্কে ঝলমলে রোদে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ফাইনাল

    নিউইয়র্কে প্রবল ঝড়-বৃষ্টির কারণে ফাইনাল ম্যাচের আগে স্পেনের শেষ অনুশীলন সেশনটি বাতিল করতে হয়েছিল শনিবার।

    তবে রোববারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ঝলমলে রোদে সেজে উঠেছে নিউ ইয়র্ক শহর।

    নিউইয়র্ক থেকে বিবিসি স্পোর্টসের নীল জন্সটন লিখেছেন, এইমাত্র সকালের নাস্তা শেষ করলাম। কী চমৎকার দৃশ্য!

    রোববার লিওনেল মেসি ও লামিন ইয়ামালকে নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ফাইনাল।

    ঘণ্টাখানেকের মধ্যেই নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা হবেন বলে লিখেছেন তিনি।

    “মনে হচ্ছে যেন বড়দিনের সকাল। এর আগে আমি ইউরো, নারী বিশ্বকাপ ফাইনাল এবং এফএ কাপ ফাইনাল কভার করেছি” লিখেছেন জন্সটন।

  6. সাবেক ভূমিমন্ত্রীর গুলশানের দুই ফ্ল্যাটে তিনশোর বেশি কোট, পাঁচশোর বেশি টাই ও রোলেক্স ঘড়ি

    সাবেক ভূমিমন্ত্রীর গুলশানের দুই ফ্ল্যাটে শতশত কোট, টাই ও রোলেক্স ঘড়ি

    ছবির উৎস, ACC

    ছবির ক্যাপশান, সাবেক ভূমিমন্ত্রীর গুলশানের দুই ফ্ল্যাটে শতশত কোট, টাই ও রোলেক্স ঘড়ি

    সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দুইটি ফ্ল্যাটে শতশত কোট ও টাই পাওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন।

    ফ্ল্যাট দুটি ক্রোকের অংশ হিসেবে মালামালের তালিকা তৈরির কাজ করার সময় এসব সামগ্রী নথিবদ্ধ করেছে দুদক।

    দুদক কর্মকর্তারা জানিয়েছেন, আগামীকালও এই কাজ চলবে, তারপর চূড়ান্ত তালিকা পাওয়া যাবে।

    সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাট দুইটিতে প্রথমদিন দুদক যেসব সামগ্রী পেয়েছে তার মধ্যে তিন শতাধিক কোট, পাঁচশ ৩২টির বেশি টাই রয়েছে।

    এছাড়াও আটটি ঘড়ির বক্স এর মধ্যে চারটি রোলেক্স ব্রান্ডের ঘড়ি, তিন সেট মুক্তার গহনা, চারটি ঝাড়বাতি, একাধিক বিছানা, সোফা এবং একশোটির বেশি কামিজ নথিভুক্ত করেছে দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগের দল।

    আটটি ঘড়ির বক্সের মধ্যে চারটি রোলেক্স ব্রান্ডের ঘড়ি

    ছবির উৎস, ACC

    ছবির ক্যাপশান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দুই ফ্ল্যাট থেকে আটটি ঘড়ির বক্স পাওয়া গেছে। এর মধ্যে চারটি রোলেক্স ব্রান্ডের ঘড়ি
    দুই ফ্ল্যাটের একটি

    ছবির উৎস, ACC

    ছবির ক্যাপশান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দুই ফ্ল্যাটের একটি
  7. বিশ্বকাপ ফাইনাল পরিচালনার দায়িত্ব পেয়ে কান্নায় ভেঙে পড়লেন রেফারি

    বিশ্বকাপ ফাইনাল পরিচালনার দায়িত্ব পেয়ে কান্নায় ভেঙে পড়লেন রেফারি স্লোভেনীয় রেফারি স্লাভকো ভিনচিচ
    ছবির ক্যাপশান, বিশ্বকাপ ফাইনাল পরিচালনার দায়িত্ব পেয়ে কান্নায় ভেঙে পড়লেন রেফারি স্লোভেনীয় রেফারি স্লাভকো ভিনচিচ

    আপনি যদি আপনার জীবনের সেরা চাকরিটি পান তাহলে কেমন প্রতিক্রিয়া হবে আপনার?

    ছবিতে দেখুন, স্লোভেনীয় রেফারি স্লাভকো ভিনচিচ স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ সালের বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করার খবরটি জানার পর কিভাবে আনন্দে কেঁদে ফেলেছেন।

  8. বিশ্বকাপ চ্যাম্পিয়নদের জন্য একটি ট্রফি ও একটি আংটি

    ওয়ার্ল্ড কাপ রিং

    ছবির উৎস, Fifa

    ছবির ক্যাপশান, বিশ্বকাপ চ্যাম্পিয়নদের হাতে রোববার সন্ধ্যায় 'ওয়ার্ল্ড কাপ রিং' বা বিশ্বকাপ আংটি তুলে দেবে ফিফা

    বিশ্বকাপ চ্যাম্পিয়নদের হাতে রোববার সন্ধ্যায় 'ওয়ার্ল্ড কাপ রিং' বা বিশ্বকাপ আংটি তুলে দেবে ফিফা।

    বিজয়ী দলকে এই আংটি দেওয়া যুক্তরাষ্ট্রের খেলাধুলার একটি ঐতিহ্য। যেমন: এনএফএল এর সুপার বোল বিজয়ীদের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে।

    বিশ্বকাপ জয়ীদের জন্য মোট ৩০টি আংটি তৈরি করা হবে এবং আরো এক হাজার ৯৯৬টি আংটি ভক্তদের কাছে বিক্রির জন্য বাজারে ছাড়া হবে।

    প্রতিটি আংটির ডিজাইনে একটি মিনি বিশ্বকাপ ট্রফি এবং ব্যান্ডের ওপর খোদাই করা নকশা থাকবে।

  9. জর্ডানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা

    শনিবার ইরানি হামলার পর কুয়েতের মাঙ্গাফে একটি তেল স্থাপনার কাছে ধোঁয়া উড়ছে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, শনিবার ইরানি হামলার পর কুয়েতের মাঙ্গাফে একটি তেল স্থাপনার কাছে ধোঁয়া উড়ছে

    ইরানের উপকূলীয় নজরদারি এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে লক্ষ্যবস্তু করে শনিবার রাতে দেশটির ওপর আরেক দফা বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন সামরিক কর্মকর্তারা।

    ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপে হামলা করা হয়েছে।

    মার্কিন সেন্টকম জানিয়েছে, ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরকে লক্ষ্য করেও তারা হামলা চালিয়েছে।

    গত শুক্রবার জর্ডানে হামলায় দুই মার্কিন সেনাকে হত্যার অভিযোগে দেশটিতে হামলা চালানো হয়েছে।

    সেখানে আরো একজন মার্কিন সেনা এখনও নিখোঁজ রয়েছেন।

    এই সবশেষ হামলার জবাবে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, কুয়েতে দুইটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে তারা।

    অন্যদিকে বাহরাইনও আকাশপথের কয়েকটি হামলা প্রতিহত করার কথা জানিয়েছে।

    আইআরজিসি রোববার জানিয়েছে, হরমুজ প্রণালি পার না হতে ইরানের দেওয়া সতর্কতা উপেক্ষা করেছিল দুইটি জাহাজ, এর ফলে সেগুলো একটি “দুর্ঘটনার” শিকার হয়েছে।

    তারা সতর্ক করে দিয়েছে, যেসব জাহাজ আমেরিকার দ্বারা “প্রভাবিত” হবে এবং “অনিরাপদ রুট ব্যবহার করবে” তারা “অবশ্যই দুর্ঘটনার মুখোমুখি হবে।”

    রোববার সকালে আম্মানে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, একটি “সুনির্দিষ্ট এবং বিশ্বাসযোগ্য হুমকির” কারণে জর্ডান কর্তৃপক্ষ দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর আকাবার আন্তর্জাতিক বিমানবন্দর এবং সমুদ্রবন্দর খালি করে দিয়েছে।

  10. শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ঘিরে মানবতাবিরোধী অপরাধ মামলার খসড়া প্রতিবেদন জমা

    চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে মানবতাবিরোধী অপরাধ মামলার খসড়া প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন

    মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে তের বছর আগে সংঘটিত ‘হত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগে করা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

    দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এক ব্রিফিং এ খসড়া প্রতিবেদন হাতে পাওয়ার কথা জানিয়েছেন।

    তিনি বলেছেন, “২০১৩ সালের পাঁচই মে শাপলা চত্বরের যে নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। সেই বর্বরোচিত হত্যাকাণ্ডের দীর্ঘদিন যাবত আমাদের তদন্ত সংস্থা ইনভেস্টিগেশন করেছে। ইনভেস্টিগেশন শেষে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটা খসড়া রিপোর্ট তারা সাবমিট করেছে। সেই খসড়া রিপোর্টটা এখন চিফ প্রসিকিউটর পর্যালোচনা করবেন।”

    চিফ প্রসিকিউটর বলেন, “আমরা মনে করেছি, যাতে একটি সঠিক তদন্ত হয়, একটা স্বচ্ছ বিচার হয় এবং প্রকৃত আসামি যারা তারা যাতে বিচারের সম্মুখীন হয়। খসড়া রিপোর্টটি আমরা পর্যালোচনা করে দেখছি, হয়তো শিগগির আমাদের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে, আসার পরে আমি বাদী হয়ে একটা ফরমাল চার্জ দাখিল করবো এবং স্বাভাবিকভাবে বিচার শুরু হবে।”

    তবে, আসামিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে চাননি চিফ প্রসিকিউটর।

    “শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে। সেখানে পুলিশ প্রধান, বিজিবি প্রধানসহ এইরকম কয়েকজন আমরা মোটাদাগে বলতেই পারি তাদের বিরুদ্ধে একটা খসড়া রিপোর্ট এসছে। সেটা আমরা যাচাই-বাছাই করে দেখবো” বলেন মি. ইসলাম।

    হেফাজতে ইসলামের অন্যতম একজন নেতা আজিজুল হক ইসলামাবাদী মামলাটি করেছেন।

    প্রসিকিউশনের আমন্ত্রণে মামুনুল হক ও আজিজুল হক ইসলামাবাদীসহ হেফাজতের কেয়কজন নেতা আজ মামলাটির অগ্রগতি জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান। তারা চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করেন।

    প্রসঙ্গত, ব্লগারদের শাস্তির দাবিতে ২০১৩ সালের পাঁচই মে মতিঝিলে সমাবেশ ডাকে হেফাজতে ইসলাম। সেদিন সেই সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের অভিযোগে মামলার তদন্ত এখন শেষপর্যায়ে এসেছে বলে আইনজীবীরা জানিয়েছেন।

  11. ডেস্কটপে ফেসবুক ব্যবহারে হঠাৎ বিভ্রাট

    রোববার দুপুর থেকে এই বিভ্রাট দেখা গেছে।

    ছবির উৎস, FACEBOOK/TANVEE

    ছবির ক্যাপশান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ডেস্কটপে ব্যবহারে বিপাকে পড়েছেন বাংলাদেশের ব্যবহারকারীরা

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ডেস্কটপে ব্যবহারে বিপাকে পড়েছেন বাংলাদেশের ব্যবহারকারীরা। তবে, মোবাইলে ফেসবুক ব্যবহারে কোনো সমস্যা হচ্ছে না।

    রোববার দুপুর থেকে এই বিভ্রাট দেখা গেছে।

    ব্যবহারকারীরা ডেস্কটপে ফেসবুক ব্যবহার করতে গেলে একাউন্ট টেম্পরারিলি আনএভেইলেবল লেখা দেখাচ্ছে।

    এতে বলা হচ্ছে, “ইয়োর একাউন্ট ইজ কারেন্টলি আনএভেইলেবল ডিউ টু এ সাইট ইস্যু। উই এক্সপেক্ট দিস টু বি রিসলভড শর্টলি। প্লিজ ট্রাই এগেইন ইন এ ফিউ মিনিটস।”

    অর্থাৎ, অ্যাকাউন্টটি সাময়িকভাবে ব্যবহার করা যাচ্ছে না।

    “সাইট সংক্রান্ত সমস্যার কারণে আপনার অ্যাকাউন্টটি বর্তমানে ব্যবহার করা যাচ্ছে না। শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। অনুগ্রহ করে কয়েক মিনিট পর আবার চেষ্টা করুন।”

    তবে, বেলা একটা থেকে এই প্রতিবেদন লেখার সময় সাড়ে তিনটা পর্যন্ত ডেস্কটপে ফেসবুক ব্যবহার করা যাচ্ছিল না।

    এর আগে, গত মাসেও ফেসবুক ব্যবহারে এমন সমস্যায় পড়েছিল বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা।

  12. সাবেক ভূমিমন্ত্রীর গুলশানের দুই ফ্ল্যাট নিয়ন্ত্রণে নিয়েছে দুদক

    সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ
    ছবির ক্যাপশান, সাবেক ভূমিমন্ত্রীর গুলশানের দুই ফ্ল্যাটের মালামাল গুনছে দুদক

    ঢাকার গুলশানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুইটি ফ্ল্যাট ক্রোকের অংশ হিসেবে সেখানে থাকা সামগ্রীর তালিকা তৈরির কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন।

    ঢাকার একটি বিচারিক আদালতের নির্দেশে এই কাজ শুরু হয়েছে।

    দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক আকতারুল ইসলাম বিবিসি বাংলাকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

    মি. ইসলাম বলেন, “আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুদকের তদন্ত কর্মকর্তা, সম্পদ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা, গুলশান থানা পুলিশের যৌথ টিম গুলশানের দুইটি ফ্ল্যাটের তালা ভেঙে সব সামগ্রী, মালামালের ইনভেন্টরি তৈরির কাজ করছে।”

    রোববার সকালে সাড়ে দশটা নাগাদ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে এই কাজ শুরু করা হয়েছে।

    গুলশানের ৬৬ নম্বর সড়কের নর্থওয়েস্ট(বি) ব্লকের ১১ নম্বর প্লটে ফ্ল্যাট দুইটির অবস্থান।

    এর মধ্যে এ-৭ নম্বর ফ্ল্যাটের আয়তন তিন হাজার ৭৪৭ বর্গফুট এবং বি-৭ নম্বর ফ্ল্যাটের আয়তন তিন হাজার ৮৩২ বর্গফুট।

    দুইটি ফ্ল্যাটের মোট আয়তন সাত হাজার ৫৭৯ বর্গফুট।

    ২০২৫ সালের ১৮ই নভেম্বর মি. চৌধুরীর এই ফ্ল্যাট দু্ইটি ক্রোকের আদেশ দেয় ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত।

    আদালতের আদেশে দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালককে ফ্ল্যাট দুটির নিয়ন্ত্রণে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়। তবে এগুলো তালা বন্ধ থাকার কারণে তিনি সেখানে ঢুকতে পারছিলেন না।

    পরে দুদকের করা আরেকটি আবেদনের প্রেক্ষিতে ২৯শে এপ্রিল তালা খুলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাকে ওই ফ্ল্যাট দুটিতে প্রবেশ ও মালামালের তালিকা তৈরির অনুমতি দেওয়া হয়।

    একইসঙ্গে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং ভবনটির ব্যবস্থাপক ইমরান হোসেনকেও নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে বলা হয়।

    চলতি বছরের ১৩ই জানুয়ারি দুদকের আবেদনে মি. চৌধুরীর যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, ফিলিপিন্স, মালয়েশিয়া, কম্বোডিয়া, ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামে থাকা ৩৩০টি বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দেয় আদালত।

  13. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে